যুক্তরাষ্ট্রে পরিশোধিত তামা আমদানিতে প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। এতে পণ্যটির আন্তর্জাতিক বাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। লন্ডনে গতকাল পণ্যটির দাম বাড়লেও কমেছে চীনে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহের চুক্তিতে তামার দাম গতকাল দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি টন ৯ হাজার ৬২৬ দশমিক ৫ ডলারে। সপ্তাহজুড়ে এলএমইতে পণ্যটির দাম কমেছে ১ দশমিক ৪৬ শতাংশ। চীনের সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তিতে তামার দাম দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়ায় ৭৮ হাজার ১৯০ ইউয়ান বা ১০ হাজার ৮৪৭ ডলারে। সপ্তাহজুড়ে দরপতনের হার ১ দশমিক ১২ শতাংশ।
বহুজাতিক ব্যাংক ও আর্থিক পরিষেবা সংস্থা এএনজেড বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন সিদ্ধান্তের ফলে কোমেক্স ও এলএমইর দামের ব্যবধান প্রায় মুছে গেছে। এতে বাজারে কোমেক্সের নিবন্ধিত গুদামে সংরক্ষিত তামার সরবরাহ বেড়ে দামকে আরো নিম্নমুখী করে ফেলতে পারে।
বুধবার কোমেক্সে মাত্র ১ ঘণ্টায় তামার দাম ২০ শতাংশ পড়ে গেলে লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হয়। এছাড়া এলএমইতে জুলাইয়ে তামার মজুদ ৫০ শতাংশ বেড়ে গেছে।
বিশ্বের সবচেয়ে বেশি তামা উত্তোলনকারী দেশ চিলি। দেশটিতে জুনে তামার উত্তোলন ৬ শতাংশ কমেছে। চীনে জুলাইয়ে উৎপাদন খাত সংকুচিত হয়েছে এবং নতুন রফতানি আদেশ টানা চতুর্থ মাসে কমেছে। এতে চাহিদা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ফলে অনেক কারখানা কর্মী ছাঁটাই করেছে।
এলএমইতে অন্যান্য ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৫৬৮ দশমিক ৫ ডলার। নিকেল দশমিক ২৭ শতাংশ কমে ১৪ হাজার ৮৯৫ ডলার, সিসা দশমিক ৩৩ শতাংশ কমে ১ হাজার ৯৬৪ এবং টিন দশমিক ১৪ শতাংশ কমে ৩২ হাজার ৬৬৫ ডলারে স্থির হয়েছে। দস্তার দাম ২ হাজার ৭৬০ দশমিক ৫ ডলারে অপরিবর্তিত রয়েছে।
এসএইচএফইতে অ্যালুমিনিয়াম দশমিক ৪৬ শতাংশ, নিকেল দশমিক ৬৭, সিসা ১ দশমিক ১, টিন দশমিক ৭২ ও দস্তা দশমিক ৩৮ শতাংশ কমেছে।










