গত বছর বেশ শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের এভিয়েশন খাত। সম্প্রতি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (গ্যাস্টাট) জানায়, ২০২২ সালে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ৮ কোটি ৮০ লাখ যাত্রী আগমন করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রী আগমন হয়েছে। ২০২২ সালে ৩ কোটি ২০ লাখ যাত্রী আগমন হয়েছিল। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী আগমন হয়েছে ২ কোটি ৭০ লাখ। এছাড়া কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে ১ কোটি যাত্রী। 

গত বছর আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দৈনিক গড় ফ্লাইট ছিল ১৩১ দশমিক ২৯। ফ্লাইট সংখ্যার দিক থেকে সর্বোচ্চ বাজার হিস্যা ছিল সৌদি আরবভিত্তিক উড়োজাহাজ সংস্থার। গত বছর তারা ২ লাখ ৮৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। বিদেশী উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। 

সৌদি বিমানবন্দরগুলো গত বছর ৫৬ দেশের সঙ্গে যুক্ত ছিল, যা ২০২১ সালের চেয়ে সংখ্যা বেড়েছে ১০।