নতুন মৌসুমের ফসল বাজারে আসার আগে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ভিয়েতনামি কফির দাম। তবে ইন্দোনেশিয়ায় পানীয় পণ্যটির দাম অপরিবর্তিত রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের শীর্ষ কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডে চলতি সপ্তাহে কৃষকরা প্রতি কেজি কফি ২ ডলার ৫৪ সেন্ট থেকে ২ ডলার ৫৮ সেন্টে (৬২ হাজার-৬৩ হাজার ডং) বিক্রি করছেন। গত সপ্তাহের বিক্রয়মূল্য ছিল ৬৪ হাজার ৮০০ থেকে ৬৬ হাজার ৭০০ ডং।

এদিকে নতুন মৌসুমের কফি ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে ৫৫ হাজার ডংয়েও বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে ৫ শতাংশ ব্ল্যাক অ্যান্ড ব্রোকেন গ্রেড-২ জাতের কফি গত সপ্তাহে প্রতি টনে বিক্রি হয়েছে ২০০ ডলারে। চলতি সপ্তাহে তা বেড়ে ২০০-৪০০ ডলারে উঠেছে। ভিয়েতনামভিত্তিক ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতা-বিক্রেতারা দামের ব্যাপারে এখনো নির্দিষ্ট কোনো হারে সম্মত হননি।

অন্যদিকে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রোবস্তা কফির দাম কমেছে। বুধবার রোবস্তা কফির ক্লোজিং প্রাইস স্থির হয়েছে ২ হাজার ২৩৫ ডলারে, যা ছয় মাসের সর্বনিম্ন। আর ইন্দোনেশীয় সুমাত্রার কফির দাম গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে। নভেম্বরে সরবরাহ চুক্তিতে টনপ্রতি লেনদেন হচ্ছে ৪৮০ ডলারে।