চীনের বাজারে বেড়েছে ইস্পাতের দাম। বিশ্বের শীর্ষ উৎপাদক দেশটি চলতি বছর ইস্পাত উৎপাদন কমিয়ে আনার কথা ভাবছে। এতে ইস্পাতের সরবরাহ সংকট আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন আশঙ্কার মধ্যেই ফিউচার মার্কেটে শিল্প ধাতুটির দাম বেড়ে যায়। খবর রয়টার্স।

স্থাপনা নির্মাণের ক্ষেত্রে অপরিহার্য উপাদান ইস্পাতজাত রড। অন্যদিকে গাড়ি নির্মাণ ও গৃহস্থালির আসবাব তৈরির ক্ষেত্রে হট রোলড কয়েল ব্যবহূত হয়। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে পণ্য দুটির অক্টোবরে সরবরাহ চুক্তিমূল্য বেড়েছে। এক্ষেত্রে প্রতি টন রডের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৮ ইউয়ানে উন্নীত হয়েছে। প্রতি টন হট রোলড কয়েলের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৯৪ ইউয়ানে দাঁড়িয়েছে। এদিকে স্টেইনলেস স্টিলের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে।

ইস্পাত উৎপাদনের প্রধান উপাদান আকরিক লোহা। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিমূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১ হাজার ১৯১ ইউয়ানে দাঁড়িয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ধাতুটির দাম বেড়েছে ১ শতাংশ।

রয়টার্স জানায়, জলবায়ু পরিবর্তন রোধে কার্বণ নিঃসরণ কমিয়ে আনতে সচেষ্ট ভূমিকা পালন করছে চীন। এ লক্ষ্যে ইস্পাত সক্ষমতা কমিয়ে আনতে চায় দেশটি।