নর্দান ইউনিভার্সিটির ফল-২০২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ফ্রেশারস রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চশিক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি এ অনুষ্ঠানে অংশ নেন নবীন শিক্ষার্থীরা।

নর্দান ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব অতীতের মতো নয়। আমরা খুবই জটিল, চ্যালেঞ্জিং বিশ্বে বসবাস করছি। এ যুগে কম্পিউটার, মোবাইল, এআই খুবই শক্তিশালী। প্রশ্ন হলো, শিক্ষার্থীরা এ প্রযুক্তি কীভাবে ব্যবহার করছে। শিক্ষা প্রতিষ্ঠান মানেই জ্ঞান নয়। জ্ঞান এখন সর্বত্র। শিক্ষার্থীদের এই জ্ঞান অর্জনে নিয়োজিত করতে হবে।

শিক্ষার্থীরাই আমাদের ‘ভবিষ্যৎ নেতা’ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তোমরাই দেশকে নেতৃত্ব দেবে। দক্ষভাবে নেতৃত্ব প্রদানের জন্য তোমাদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনের প্রকৃত মর্ম উপলব্ধি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য লাবিবা আব্দুল্লাহ, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.)-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

-বিজ্ঞপ্তি