কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে জাপানি উড়োজাহাজ সংস্থা এএনএ হোল্ডিংস করপোরেশন। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) ১ হাজার ৯৫৪ কোটি ইয়েন বা ১৩ কোটি ২০ লাখ ডলার মুনাফা পেয়েছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। যেখানে এক বছর আগেও সংস্থাটির লোকসানের পরিমাণ ছিল ৯ হাজার ৮৮০ কোটি ইয়েন। খবর কিয়োদো নিউজ।
সম্প্রতি এএনএ হোল্ডিংসের মালিকানা প্রতিষ্ঠান এল নিপ্পন এয়ারওয়েজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মহামারীর পর উড়োজাহাজ ভ্রমণ পুনরুদ্ধার হওয়ায় মুনাফা বেড়েছে সংস্থাটির। কভিড-১৯ নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। এ কারণে অবসর ও ব্যবসায়িক কাজে উড়োজাহাজ ভ্রমণের চাহিদা বেড়েছে।
এপ্রিল-সেপ্টেম্বর টানা ছয় মাসে এএনএ হোল্ডিংসের পরিচলন মুনাফা ৩ হাজার ১৪৫ কোটি ইয়েনে দাঁড়িয়েছে। অবশ্য এক বছর আগেও যেখানে সংস্থাটির পরিচালন ব্যয় হয়েছিল ১১ হাজার ৬০১ কোটি ইয়েন। এ সময়ে উড়োজাহাজের টিকিট বিক্রি ৮৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৯ হাজার ৭১ কোটি ইয়েনে পৌঁছেছে।
এএনএ হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোজি সিবাতা এক সংবাদ সম্মেলনে বলেন, মহামারীর পর ভ্রমণ পুনরুদ্ধারকে পুঁজিতে পরিণত করতে পেরেছি আমরা। সে কারণে আমাদের মুনাফাও বেড়েছে। অভ্যন্তরীণের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের চাহিদাও বেড়েছে। বর্তমানে মোট ভ্রমণ চাহিদার ৭৪ শতাংশ অভ্যন্তরীণ এবং ৩৫ শতাংশ আন্তর্জাতিক। সব মিলিয়ে প্রাক-মহামারী স্তরের চেয়ে ভ্রমণ বাড়তে শুরু করেছে এএনএ হোল্ডিংসের।










