মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৮ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫৫ টাকা ১৪ পয়সা।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের ঘোষণা করেছে।
এর মধ্যে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের বিপরীতে লোকসান হয়েছিল। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৯০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬২ টাকা ৪৯ পয়সা।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তবে ২০১৭-১৮ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৬-১৭ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
১৯৯৫ সালে তালিকাভুক্ত মেঘনা সিমেন্টের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৮০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৪ হাজার ৩১৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৯ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৮৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল মেঘনা সিমেন্টের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৪ টাকা ১০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ৫৬ টাকা ৮০ থেকে ৭৯ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৩৮, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৩৯ দশমিক ৮১।










