খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের গত সপ্তাহে মোট ১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১২৯ কোটি ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ১৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি জেমিনি সি ফুডের অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ-সংক্রান্ত চিঠি পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন। বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সাম্পতিক সময়ে জেমিনি সি ফুডের শেয়ারদর ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর গত ২৮ মার্চ থেকে ৭ মে পর্যন্ত ৪৫৬ টাকা ৭০ থেকে বেড়ে ৯৩৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ১০৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক ও কারসাজি বলে মনে করছে কমিশন। তাই এ বছরের ১ জানুয়ারি থেকে পরবর্তী সময়ে জেমিনি সি ফুডের শেয়ারের লেনদেন তদন্ত করার নির্দেশ দেয়া হলো।










