দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) সম্প্রতি কুমিল্লায় ‘পার্টনারশিপ ফর প্রগ্রেস, আনলকিং নিউ ট্রেডহরাইজন’ শীর্ষক একটি বিশেষ ফোরামের আয়োজন করেছে। ফোরামে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল প্রেক্ষাপট, এর প্রভাব এবং কীভাবে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হয়ে নতুন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।

কুমিল্লায় কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিদেশী বিনিয়োগকারী ও বেপজার প্রতিনিধিসহ বিভিন্ন অংশগ্রহণকারী সম্প্রতি অনুষ্ঠিত এ ফোরামে যোগ দেন।

অনুষ্ঠানে ব্র্যান্ডিক্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা সানুজা হেরাথ বলেন, ‘বাংলাদেশ আমাদের বৈশ্বিক সরবরাহ চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এইচএসবিসির বৈশ্বিক নেটওয়ার্ক আমাদের সীমান্ত পেরিয়ে বাণিজ্যে সহযোগিতা করছে।’

ব্র্যান্ডিক্স শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান, যারা বিশ্বের শীর্ষস্থানীয় রিটেইল ব্র্যান্ডগুলোর জন্য পণ্য সরবরাহ করে। প্রতিষ্ঠানটি গত এক দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা ইপিজেডে কার্যক্রম পরিচালনা করছে।

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সল্যুশন বিভাগের প্রধান আহমেদ রবিউল হাসান বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। বৈশ্বিক বাণিজ্যে এ ধারা অব্যাহত রাখার জন্য ডিজিটালাইজেশন, রেজিলিয়েন্স ও সাপ্লাই চেইন দক্ষতায় বিনিয়োগ প্রয়োজন। এইচএসবিসি এ প্রক্রিয়াগুলো সহজ করার চেষ্টা করছে ও এমন সমাধান দিচ্ছে যা গ্রাহকদের দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে।’

এইচএসবিসি বাংলাদেশের চট্টগ্রাম ব্যাংকিং প্রধান, ওমর শরীফ বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ ও গতিশীল মধ্যম আয়ের অর্থনীতির অগ্রযাত্রায়, কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দেশের প্রবৃদ্ধির কেন্দ্রে অবস্থান করছে। বাণিজ্য ও সংযোগের উপর ভিত্তি করে এইচএসবিসি গড়ে উঠেছে এবং তারা বৈশ্বিক নেটওয়ার্ক, স্বীকৃতিপ্রাপ্ত ট্রেড সল্যুশন ও গভীর স্থানীয় অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশে কার্যরত আন্তর্জাতিক ব্যবসাগুলোকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিশ্বব্যাপী ৫৭টি দেশে ৪১ মিলিয়ন গ্রাহককে সেবা প্রদানকারী এইচএসবিসি, বাংলাদেশের ব্যবসাগুলোকে বিশ্বব্যাপী সংযুক্ত করতে ভূমিকা রাখছে যাতে তারা সুযোগগুলো কাজে লাগিয়ে আন্তঃসংযুক্ত এ বিশ্বে আরো এগিয়ে যেতে পারে।

—বিজ্ঞপ্তি