থাইল্যান্ডে নতুন করপোরেট নিবন্ধন সংখ্যা চলতি বছর ৮৩-৯০ হাজারে পৌঁছবে বলে প্রত্যাশা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়িক উন্নয়ন বিভাগ। এর মধ্য দিয়ে আগের ৭৫-৭৮ হাজারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। বিদেশী পর্যটক সংখ্যা বৃদ্ধি ও থাই অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে এ ইতিবাচক প্রবণতা লক্ষ করেছে দেশটি। খবর ব্যাংকক পোস্ট।
অধিদপ্তরের মহাপরিচালক থোসাপোন দানসুপুত্র জানিয়েছেন, তার বিভাগ আগে অনুমান করেছিল, এ বছরের প্রথমার্ধে নতুন ব্যবসা নিবন্ধনের সংখ্যা ৪২-৪৫ হাজারের মতো হবে। কিন্তু প্রকৃত সংখ্যা বেড়ে ৪৭ হাজার ২৮৬তে দাঁড়িয়েছে। ইতিবাচক বৃদ্ধির প্রবণতা দেখে বিভাগ এখন তার অনুমান সংশোধন করেছে। বছরের দ্বিতীয়ার্ধে নতুন করপোরেট নিবন্ধনের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬-৪৩ হাজারে। আর পুরো বছরের জন্য মোট সংখ্যা প্রায় ৮৩-৯০ হাজারে উন্নীত হয়েছে, যা ২০২২ সালে নিবন্ধিত ৭৬ হাজার ৪৮৮টির চেয়ে বেশি।
বিভাগটি জানিয়েছে, বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় নতুন ব্যবসায়িক নিবন্ধনের সংখ্যা ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৭ হাজার ২৮৬টি হয়েছে।
এর মধ্য দিয়ে নতুন ফার্ম নিবন্ধনের সংখ্যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছার রেকর্ড হয়েছে। নিবন্ধিত মূলধনের পরিমাণ ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার ৯০০ কোটি বাথ।










