চলতি বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে গাড়ি বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে টয়োটা। জাপানের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০২৩ সালের প্রথমার্ধে বিশ্বের শীর্ষ অটো বিক্রেতা হওয়ার পথে। টানা চতুর্থ বছরের জন্য তারা গাড়ি বিক্রিতে শীর্ষস্থান বজায় রেখেছে। খবর জাপান টুডে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, টয়োটা চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত বিশ্বব্যাপী ৫৪ লাখ ২০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে টয়োটা মোটর গ্রুপের ছোট যানবাহন প্রস্তুতকারক ডাইহাতসু ও ট্রাক প্রস্তুতকারক হিনো মোটরসের বিক্রি অন্তর্ভুক্ত। সব মিলিয়ে এ সময়ে টয়োটার গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
বৈশ্বিক চিপ ঘাটতির চ্যালেঞ্জের মধ্যেও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশ্বব্যাপী উৎপাদন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে কোম্পানিটি শক্তিশালী বিক্রয় অর্জন করতে সক্ষম হয়েছে। একই সময়ে ফক্সওয়াগন এজি ৪৩ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করে ১২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির হার দেখিয়েছে।
টয়োটার বৈশ্বিক উৎপাদন ৫৬ লাখ ৩০ হাজার ইউনিটে পৌঁছেছে, যা ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি জাপানের বাইরে উৎপাদন ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩৫ লাখ ৩০ হাজার গাড়ির ইউনিট ছাড়িয়েছে। এর মাধ্যমে উৎপাদন সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
জাপানি গাড়ি নির্মাতা গ্রুপের অভ্যন্তরীণ বিক্রি ২৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১২ লাখ ১ হাজার গাড়িতে দাঁড়িয়েছে। কভিড-১৯ মহামারী-পরবর্তী পুনরুদ্ধার ও যন্ত্রাংশের ঘাটতি সমাধান করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। বিদ্যুচ্চালিত গাড়ির বৈশ্বিক বাজারে টয়োটার লেক্সাস ব্র্যান্ডের অধীনে ইভি বিক্রি পাঁচ গুণেরও বেশি বেড়ে ৪৬ হাজার ১৭১ ইউনিটে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে।










