এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৭৩তম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস পরিচালক এএম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, লকিয়ত উল্লাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ১১ পয়সা। এক বছরের ব্যবধানে এনএভিপিএস ৯ শতাংশ বেড়েছে। —বিজ্ঞপ্তি