১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইকবাল আহমেদ। এ সময় তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানসহ পরিচালকদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এনআরবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান ইকবাল আহমেদ দীর্ঘ পথচলায় ব্যাংকের পাশে থাকার জন্য সব গ্রাহক, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য এনআরবি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই দুই বছরের মধ্যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ করা হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও এসকে মতিউর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ২০১৩ সালের ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এনআরবি ব্যাংক।