চীনের বার্ষিক অ্যালুমিনিয়াম আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চলতি বছর শেষ হওয়ার এক মাস আগেই ধাতুটির আমদানি গত বছরের আমদানির পরিমাণকে ছাড়িয়ে গেছে। চীনের শুল্ক বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাজার বিশ্লেষকরা জানান, এ বছর ভয়াবহ জ্বালানি বিশেষ করে কয়লা সংকটে পড়ে চীন। ফলে বিদ্যুৎ উৎপাদনে নজিরবিহীন সংকট তৈরি হয়। এছাড়া খরার প্রভাবে ব্যাহত হয় জলবিদ্যুৎ উৎপাদনও। এসব কারণে স্থানীয় বিগলন কেন্দ্রগুলোয় বিদ্যুতের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এতে ধাতুটির উৎপাদন কমে যায়। উল্লম্ফন দেখা দেয় আমদানি চাহিদায়।

শুল্ক বিভাগের তথ্য বলছে, নভেম্বরে চীনের অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি ৩ লাখ ৯৭ হাজার ৯১৫ টনে পৌঁছেছে। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৪৩ টন। এক মাসের ব্যবধানে আমদানি বেড়েছে ৩৪ শতাংশ। অন্যদিকে গত বছরের নভেম্বরের তুলনায় আমদানি ১০৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গত বছরের আগস্টের পর এটি সর্বোচ্চ অ্যালুমিনিয়াম আমদানি। চলতি বছরের ১১ মাসেই ধাতুটির আমদানি ২৯ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে। এটি গত বছরের মোট আমদানির পরিমাণকে ছাড়িয়ে গেছে। ওই সময় আমদানি হয়েছিল ২৭ লাখ টন অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য।

চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক। আমদানির তুলনায় পণ্যটির রফতানিই বেশি করে দেশটি। কিন্তু চলতি বছর ধাতুটির আমদানি নজিরবিহীনভাবে বেড়েছে।

দেশটির খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর করোনা মহামারীর ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে গতির সঞ্চার ঘটে। প্রসার ঘটে শিল্প উৎপাদন খাতে। ফলে আন্তর্জাতিক বাজার মূল্যকে ছাড়িয়ে যায় চাইনিজ অ্যালুমিনিয়ামের দাম। এ কারণে দেশটি ভিন্ন ভিন্ন বাজার থেকে কম দামে পণ্যটি ক্রয় বাড়াতে শুরু করে। চলতি বছর চীনের বিভিন্ন রাজ্যে জ্বালানিনির্ভর শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে দেশীয় উৎপাদন সীমিত হয়ে আসে। বাড়ে মাসভিত্তিক আমদানির পরিমাণ।

অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রধান আকরিক বক্সাইট। নভেম্বরে এটির আমদানি দাঁড়িয়েছে ৭৭ লাখ টনে। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ৯৫ লাখ ৪০ হাজার টন। সে হিসাবে আমদানি কমেছে ১৯ শতাংশ। এছাড়া গত বছরের তুলনায় আমদানি ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বক্সাইট আমদানি কমেছে ৫ দশমিক ২ শতাংশ। এ সময় আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টনে। মূলত অ্যালুমিনিয়াম উৎপাদন কমায় বক্সাইট আমদানি কমেছে।