চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ৬ লাখ ৩৮ হাজার টন চাল রফতানি করেছে ভিয়েতনাম, যার বাজারমূল্য ৩৫ কোটি ২০ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যটির রফতানি কমেছে ৩১ দশমিক ৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে দেশটির রফতানি আয় কমেছে ১৮ দশমিক ৩ শতাংশ। এ সময়ে প্রতি টন চালের গড় রফতানি মূল্য ছিল ৫৫১ ডলার ৭ সেন্ট, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। খবর ভিয়েতনাম টাইমস।
২০২০ সালে বৈশ্বিক বাজারে ৬১ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করে ভিয়েতনাম। দেশটির চালের একটি বড় অংশই রফতানি হয় ফিলিপাইনে। গত দুই মাসে দেশটির মোট রফতানি কম হলেও ফিলিপাইনে অনেকটাই বেড়েছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, ভিয়েতনামের মোট রফতানি বাজারের ৪৭ দশমিক ৬ শতাংশ চালের গন্তব্য ফিলিপাইন। গত দুই মাসে ফিলিপাইনে মোট চাল রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৭০ হাজার টন, যার বাজারমূল্য ছিল ৯ কোটি ১৪ লাখ ডলার। সেই হিসাবে দেশটিতে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। এতে রফতানি আয় বেড়েছে ৪৮ দশমিক ৯ শতাংশ।
করোনাভাইরাস মহামারীর প্রভাবে দেশে দেশে লকডাউন জারি করা হয়। অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ে বিশ্ববাণিজ্যের ওপরও, যার প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারে চালের অন্যতম সরবরাহকারী ভিয়েতনামের রফতানিতেও।










