রাজধানীর একটি হোটেলে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

বাংলা কিউআর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন এএমডি ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় ব্যাংকের সুপারভাইজরি কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, ‘প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্থিক লেনদেনেও পরিবর্তন এসেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এ পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। বাংলা কিউআরের মতো সহজ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরো স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে।’ ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় আধুনিক, নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে আলেম-উলামা ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘বাংলাদেশ ধারাবাহিকভাবে ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। তাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআরের আওতায় আনা গেলে বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।’

সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসাইন বলেন, ‘অনেক চ্যালেঞ্জের মধ্যেও ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও সহযোগিতায় এগিয়ে চলছে। গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংকটি কাজ করছে।’