সহজ কিস্তিতে বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার চালু করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১৫ মার্চ পর্যন্ত অফার চলবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফারটি নিতে হলে ন্যূনতম দুজনের জন্য প্যাকেজটি কিনতে হবে। প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা এবং সাহরি অথবা ইফতার সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
ভ্রমণকারীরা ছয় মাসে কিস্তির মাধ্যমে প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন, যার জন্য কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ সুবিধা দিতে দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার। ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ প্যাকেজ কিনতে পারবেন।
এছাড়া ভ্রমণপিপাসুরা প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের যেকোনো একটিতে থাকার সুযোগ পাবেন। হোটেলের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হবে। তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে—সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টুডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট, সিগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামের ‘স্মাইলস’ সদস্যরা প্রতি ভ্রমণে পয়েন্ট অর্জন করবেন। নির্দিষ্ট পয়েন্ট জমা হলে টিকিট পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি স্মাইলস সদস্যরা অংশগ্রহণকারী বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় উপভোগ করতে পারবেন। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে যেকোনো যাত্রী সহজেই স্মাইলসের সদস্য হতে পারবেন।










