বৈশ্বিক সুস্বাস্থ্যের অংশ হিসেবে নেসলেকে অস্বাস্থ্যকর খাবার বিক্রি কমিয়ে আনার আহ্বান জানিয়েছে শেয়ার অ্যাকশন। বিনিয়োগকারী গ্রুপটির মতে, যুক্তরাজ্যের বাজারে থাকা নেসলের দৈনন্দিন খাবারের ৪০ শতাংশেই লবণ, চিনি ও চর্বি অনেক বেশি থাকে। জবাবে নেসলে জানিয়েছে, বৈশ্বিক বিক্রির সুস্বাস্থ্যবিষয়ক রিপোর্টে নেসলের অবস্থান প্রথম এবং আগামী বছর প্রতিষ্ঠানটি আরো স্বাস্থ্যকর পণ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। কিন্তু শেয়ার অ্যাকশনের দাবি, নেসলে যেন অস্বাস্থ্যকর খাবার বিক্রির পরিমাণ কমিয়ে আনে। বিশ্বের সবচেয়ে বড় খাবার তৈরিকারী প্রতিষ্ঠান নেসলের অধীনে কিটক্যাট ও শ্রেডিজের মতো ব্র্যান্ড রয়েছে। এপ্রিলে যুক্তরাজ্যের সুপারমার্কেটে একটি নতুন কিটক্যাট সিরিয়াল এনেছে নেসলে। সে খাবারে প্রতিটি মিলে ৭ দশমিক ৪ গ্রাম চিনি রয়েছে, যা প্রাপ্তবয়স্কদের জন্য প্রস্তাবিত প্রতি মিলে গড় পরিশোধিত চিনি গ্রহণের মাত্রার থেকেও বেশি। যদিও নেসলের দাবি, কিটক্যাট সিরিয়াল এভাবে তৈরি করা যেন ‌মাঝে মাঝে আনন্দদায়ক বিকল্প হিসেবে খাওয়া হয়।  বিবিসি