এ উপলক্ষে সম্প্রতি সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান এবং মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রধান ফাহমিদা চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘ব্যাংক খাতে টেকসই সাফল্যের জন্য দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। নতুন কর্মকর্তাদের শুধু পেশাগত জ্ঞান অর্জন করলেই হবে না, সততা, গ্রাহকসেবার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলিও ধারণ করতে হবে।’ দক্ষ ব্যাংকার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এনআরবিসি ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘দক্ষ জনশক্তি যেকোনো প্রতিষ্ঠানের প্রধান শক্তি। প্রযুক্তির ব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে পারদর্শী জনবল আগামীর ব্যাংক খাতের নেতৃত্ব দেবে। আমরা ব্যাংকারদের দক্ষ করে গড়ে তুলতে বহুমুখী প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়ন করছি।’

এইচআরটিডিসি আয়োজিত তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও করপোরেট সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।