তালিকাভুক্ত বাংলাদেশ বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৬ সেপ্টেম্বর যথাক্রমে বেলা ৩টা ও বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৫ পয়সা। গত হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়।

নাহী অ্যালুমিনিয়াম: কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাহী অ্যালুমিনিয়ামের ইপিএস হয়েছে ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪১ পয়সা।