ক্রেডিট সুইস অধিগ্রহণের ফলে রিয়েল এস্টেট ব্যয় হিসেবে ৪০ কোটি ডলার দিতে হয়েছে ইউবিএসকে। ব্যয়গুলোর একটি অংশ এসেছে ক্রেডিট সুইস যে অফিস স্পেস লিজ নিয়েছিল সেখান থেকে। ইউবিএস তাদের অধিগ্রহণের পর ক্রেডিট সুইস যেহেতু এখন বিলুপ্ত, তাই ইউবিএসকে সে অফিস স্পেসের চুক্তি শেষ করার জন্য ফি দিতে হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
ক্রেডিট সুইসের হাজার হাজার সাবেক কর্মীকে নিজস্ব ভবনে সরিয়ে নিচ্ছে ইউবিএস। যুক্তরাজ্য ও নিউইয়র্ক সদর দপ্তর থেকে ক্রেডিট সুইসের লোগো সরিয়ে নেয়া হয়েছে। ইউবিএস ২০২২ সালের জন্য ২০ কোটি ডলারের ইজারা বাতিল ব্যয় বহন করেছে। আর ২০২৩ সালে আরো ২০ কোটি ডলার ব্যয় করতে হবে বলে জানিয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একটি সূত্র জানিয়েছে, এ ব্যয়গুলোর মধ্যে প্রাথমিক লিজ চুক্তি সমাপ্তিসহ অফিস আপগ্রেডের ব্যয়ও অন্তর্ভুক্ত।
মার্চে ক্রেডিট সুইস অধিগ্রহণের চুক্তিটি ২০০৮ সালের আর্থিক সংকটের পরে বৃহত্তম ব্যাংক একীভূতকরণ ছিল। এখন পর্যন্ত ১৩ হাজার কম্বাইন্ড স্টাফ ছাঁটাই করা হয়েছে। আগামী কয়েক বছরে আরো অনেক কর্মী চাকরি হারাতে পারে। ইউবিএসের সিইও সার্জিও এরমোত্তি জানান, ২০২৪ সাল সম্ভবত সবচেয়ে কঠিন ইন্টিগ্রেশনের বছর হবে। তিন বছরের একীভূতকরণে ব্যয় বিলিয়ন ডলার মতো হবে বলে পূর্বাভাস করা হয়েছে।
গত মাসে ইউবিএস প্রায় ছয় বছরের মধ্যে প্রথম প্রান্তিকের লোকসান প্রকাশ করেছে, যা ২২০ কোটি ডলারের ঘাটতি একীভূতকরণের ব্যয় থেকে তৈরি হয়েছিল। আগস্টে ইউবিএস ব্যাংকটির ম্যানহাটন সদর দপ্তর থেকে ক্রেডিট সুইসের নাম সরিয়ে নেয়া শুরু করে।
এক মাস পর ইউবিএস লন্ডনের কর্মীদের জানায়, লিভারপুল স্ট্রিট হাবে স্থানান্তর ২০২৪ সালের শেষের দিকে শেষ হবে। ক্রেডিট সুইসের সব কর্মচারী ক্যানারি ওয়ার্ফের ওয়ান ক্যাবট স্কোয়ার থেকে সরিয়ে নেয়া হবে।
ইউবিএস তার ব্রডগেট সাইটে স্থানের জন্য গ্রান্ট থর্নটনের সঙ্গে একটি সাবলেট চুক্তি ভেঙেছে। এটির মাধ্যমে আগত ক্রেডিট সুইস কর্মীদের জন্য কাজের জায়গা তৈরি করে দেবে। ক্রেডিট সুইস ২০১২ সালে ওয়ান ক্যাবট স্কয়ারকে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির কাছে বিক্রি করে দেয়। তবে এটি ২০৩৪ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে ইজারা দেয়া হয়েছিল।
ক্রেডিট সুইস প্রথম প্রধান ক্যানারি ওয়ার্ফ এস্টেটের ভাড়াটেদের মধ্যে একটি ছিল। ডকল্যান্ডস আর্থিক অঞ্চলটি ক্রেডিট সুইস ফার্স্ট বোস্টনের চেয়ারম্যান মাইকেল ভন ক্লেমের উদ্ভাবন। ওয়ান ক্যাবট স্কয়ার ১৯৯১ সাল থেকে ক্রেডিট সুইসের যুক্তরাজ্যের প্রধান অফিস ছিল। অক্টোবরে আইকনিক ক্রেডিট সুইসের ছাদের লোগোটি নামিয়ে ফেলা হয়।










