দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ব্যবসা সম্প্রসারণে আগের চেয়ে বেশি সুযোগ পাবে সিঙ্গাপুরের কোম্পানিগুলো। চলমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও আসিয়ান অঞ্চলের প্রবৃদ্ধি বাড়ছে। অঞ্চলটিতে সিঙ্গাপুর ব্যবসার সম্প্রসারেণর জন্য সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) গত সপ্তাহে ইউনাইটেড
ওভারসিস ব্যাংকের (ইউওবি) সঙ্গে একটি চুক্তি নবায়ন ও সুযোগ-সুবিধার
পরিমাণ বাড়িয়েছে। খবর দ্য স্ট্রেইট টাইমস।
অন্যান্য বিষয়ের মধ্যে উভয় সংস্থাই বাজারে বিনিয়োগের পরামর্শ, মেধা অন্বেষণ, আনুষঙ্গিক পরিষেবা প্রদানকারীদের সহায়তার অনুরোধগুলো ক্রস-রেফার করতে সক্ষম হবে।
এসবিএফ সফটওয়্যার সেবা প্রদানকারী ওয়াইথ্রি টেকনোলজিসের সঙ্গেও একটি নতুন চুক্তি করেছে। যার আওতায় স্থানীয় ব্যবসাগুলো আসিয়ান অঞ্চলে ও তার বাইরে ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ করতে সহায়তা পাবে।
র্যাফলস সিটি কনভেনশন সেন্টারে আসিয়ান সম্মেলনের সপ্তম আসরে চুক্তিগুলো সই হয়।
এসবিএফ চেয়ারম্যান লিম মিং ইয়ান সম্মেলনে বলেছেন, ‘বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থনীতি দুটি উদীয়মান ক্ষেত্র, যা এ অঞ্চলে বিশাল সম্ভাবনার হাতছানি দিচ্ছে। কেননা, অর্থনৈতিক দুরবস্থা সত্ত্বেও ৬৫ কোটিরও বেশি জনসংখ্যার বাজার নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল বিশ্ব অর্থনীতিতে একটি উজ্জ্বল স্থান হিসেবে চিহ্নিত হয়েছে।










