যুক্তরাষ্ট্রে প্রায় দুই বছরের মধ্যে অক্টোবরে কর্মসংস্থান বৃদ্ধির গতি সবচেয়ে ধীর হয়েছে। এ সময়ে দেশটির নিয়োগকর্তারা কর্মী নিয়োগ কমানোর পাশাপাশি বেতন বৃদ্ধির হারও কমিয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে বেকারত্ব বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন কর্মী নিয়োগ ধীর হওয়ায় শ্রমবাজার দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফলে ডিসেম্বর থেকে সুদের হার বৃদ্ধির গতিও ধীর করবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন কর্মী নিয়োগ কমানোর কারণে অক্টোবরে বেকারত্ব হার ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। যেখানে আগের মাসে এ হার ছিল ৩ দশমিক ৫ শতাংশে। সে হিসাবে গেল মাসে বেকারত্ব হার দশমিক ১ শতাংশ বেড়েছে।
গত বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। মূল্যস্ফীতি মোকাবেলায় ভবিষ্যতে ঋণের ব্যয় বৃদ্ধি পেতে পারে বলেও জানায় ফেড। সানফ্রান্সিসকোয় অবস্থিত লিংকডইনের প্রিন্সিপাল ইকোনমিস্ট গায় বার্গার বলেন, শ্রমবাজরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এটির বৃদ্ধির গতি ধীর হয়েছে। ফেডারেল রিজার্ভ শ্রমবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় দেশটির অর্থনীতিবিদদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অক্টোবরে কৃষিফার্ম-বহির্ভূত প্রতিষ্ঠানে নতুন দুই লাখ কর্মসংস্থান হয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই সর্বনিম্ন কর্মসংস্থান। যেখানে সেপ্টেম্বরে কর্মসংস্থান হয়েছিল ২ লাখ ৬৩ হাজার।
কর্মসংস্থান সৃষ্টিতে অবসর ও আতিথেয়তা শিল্প খাতটি প্রধান ভূমিকা রেখেছে। তবে উভয় খাতটি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে প্রাক-মহামারী স্তরের চেয়ে নিম্নমুখী রয়েছে। ওই সময়ের চেয়ে অক্টোবরে খাত দুটিতে কর্মসংস্থান কমপক্ষে ১০ লাখ কম হয়েছে।
সুদের হার বেড়ে যাওয়ায় আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিবহন ও গুদামজাত খাতে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ধীর হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মসংস্থানে বেতন-ভাতার পরিমাণও কমেছে। সম্প্রতি হারিকেন ইয়ানের প্রভাব দেশটির সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে নতুন কর্মসংস্থান এবং বেতন-ভাতা সংকুচিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
অক্টোবরে মার্কিন সরকারের এক ব্যবসায়িক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষের দিকে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ান আঘাত হানে। এর প্রভাবে অক্টোবরের মাঝামাঝিতে দেশের বেকারত্ব হার বেড়েছে। জার্সি সিটিতে অবস্থিত অর্থবাজার পর্যবেক্ষণকারী রাইটসন আইসিএপির প্রধান অর্থনীতিবিদ লু ক্র্যান্ডাল বলেন, হারিকেন ইয়ান কৃষিফার্ম-বহির্ভূত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা প্রদানেও প্রভাব ফেলেছে।










