বিশ্বব্যাপী ছয় হাজার কর্মী ছাঁটাই করবে থ্রিএম। নগদ অর্থপ্রবাহ বৃদ্ধি ও উচ্চআয়ের খাতে বিনিয়োগে মনোযোগী হতে এ ছাঁটাই করবে তারা। গতকাল এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন কনগ্লোমারেটটি। খবর রয়টার্স।

গত কয়েক মাস চলা মূল্যস্ফীতি এবং তা নিয়ন্ত্রণে মার্কিন নীতিনির্ধারকদের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে হিমশিম খাচ্ছে মার্কিন কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের করপোরেট খাত কয়েক মাস ধরেই কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে। 

স্মার্টফোন ও ট্যাবলেট পিসির জন্য ইলেকট্রনিক ডিসপ্লে বানায় থ্রিএম। কিন্তু ভোক্তা ইলেকট্রনিকস খাতে সাম্প্রতিক চাহিদায় শ্লথগতিতে টিকে থাকতে হিমশিম খাচ্ছে মার্কিন কোম্পানিটি।

ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে গতকাল ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় থ্রিএম। এর আগে চলতি বছরের শুরুতে আড়াই হাজার কর্মী ছাঁটাই করেছিল তারা। 

উৎপাদন ব্যয় বৃদ্ধিতে স্কচ ট্যাপ ও পোস্ট-ইট নোটের দাম বাড়াতে বাধ্য হয়েছে থ্রিএম। কিন্তু আয় বৃদ্ধিতে আশানুরূপ সাফল্য পায়নি।