চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। করোনা মহামারীর ধাক্কা সামলে চলতি বছরের মাঝামাঝি থেকে কৃষিপণ্যটির আমদানি বাড়িয়েছে চীনা আমদানিকারকরা। এ ধারাবাহিকতায় গত অক্টোবরে দেশটিতে সয়াবিন আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশের বেশি বেড়ে ৮৭ লাখ টনের কাছাকাছি পৌঁছে গেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৮৬ লাখ ৯০ হাজার টন সয়াবিন আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ৪১ শতাংশ। ২০১৯ সালে অক্টোবরে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৬১ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছিলেন। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবরে চীনে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ২৫ লাখ ১০ হাজার টন।

আগে যুক্তরাষ্ট্র থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি সয়াবিন আমদানি হতো। তবে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের কারণে পরিস্থিতি বদলে গেছে। বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন সয়াবিনে বাড়তি আমদানি শুল্ক বজায় থাকায় চীনা আমদানিকারকরা এখন ব্রাজিলের প্রতি ঝুঁকেছেন। দক্ষিণ আমেরিকার এ দেশটি থেকে এখন চীনে সবচেয়ে বেশি সয়াবিন আমদানি হচ্ছে।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ব্রাজিল থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি সয়াবিন আমদানি হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকেও কৃষিপণ্যটির আমদানি বাড়তির দিকে ছিল। এ বিষয়ে কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান কোফেডের বিশ্লেষক ঝি হুইলান বলেন, যুক্তরাষ্ট্র থেকে চীনে সয়াবিন আমদানি ধীরে ধীরে বাড়ছে। এটা খুবই ইতিবাচক লক্ষণ। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্য বিরোধ নিরসনের ইঙ্গিত মিলছে।

তিনি আরো বলেন, বাণিজ্যযুদ্ধের লাগাম টানতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া প্রথম পর্যায়ে চুক্তি এগিয়ে নেয়া হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। চীনা আমদানিকারকরা চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ও আগামী বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি আরো বাড়াতে পারেন। আর আগামী বছরের শেষ নাগাদ চীনে সয়াবিনের আমদানি বাজারে যুক্তরাষ্ট্র হারানো অবস্থান ফিরে পেতে পারে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৯ কোটি ৬০ লাখ টন সয়াবিন আমদানি করতে পারেন। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ২ দশমিক ১৩ শতাংশ। চীনের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বেশি সয়াবিন আমদানির রেকর্ড।

ইউএসডিএর তথ্য অনুযায়ী, গত বছর চীনের বাজারে মোট ৯ কোটি ৪০ লাখ টন সয়াবিন আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে চীনে সয়াবিন আমদানি বাড়তে পারে ২০ লাখ টন। আর ২০১৮ সালে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৮ কোটি ২৫ লাখ ৪০ হাজার টন সয়াবিন আমদানি করেছিল, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ২৮ শতাংশ কম।

এদিকে চীনের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে সাকল্যে ৮ লাখ ৮৫ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম।