যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলোয় আমানত রেকর্ড পরিমাণ কমেছে। সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর থেকে এসব ব্যাংকে আমানত রাখার পরিমাণ কমিয়ে দিয়েছেন গ্রাহক। শুক্রবার ফেডারেল রিজার্ভের (ফেড) প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। খবর সিএনএন।

১৫ মার্চ শেষ হওয়া সপ্তাহে ছোট ব্যাংকগুলোয় আমানতের পরিমাণ ৫ লাখ ৪৬ হাজার কোটি ডলার থেকে কমে ১১ হাজার ৯০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২০০৭ সালের ১৬ মার্চ শেষ হওয়া সপ্তাহে আমানত কমে যাওয়ার বড় ধরনের রেকর্ড ঘটেছিল। তবে বর্তমান রেকর্ড আগের রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি।

অন্যদিকে ছোট ব্যাংকগুলোর ঋণ নেয়ার পরিমাণ বেড়েছে। ২৫ হাজার ৩০০ কোটি ডলার বেড়ে তা রেকর্ড ৬৬ হাজার ৯৬০ কোটি ডলারে গিয়ে পৌঁছেছে।

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষক পল অ্যাশওয়ার্থ লেখেন, ‘ফলে সপ্তাহান্তে ছোট ব্যাংকগুলোর হাতে ৯ হাজার ৭০০ কোটি টাকার বেশি নগদ অর্থ আছে। আপৎকালীন মজুদ হিসেবে তারা কিছু অর্থ ধার নিয়েছে। যেন আমানতকারীরা টাকা ফেরত চাইলে কোনো সমস্যায় পড়তে না হয়।’

আমানতকারীরা দ্রুত ব্যাংক থেকে আমানত ফিরিয়ে নেয়ার কারণে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। আমানতকারীরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কয়েকশ কোটি ডলার ব্যাংক থেকে তুলে নিয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোয় আমানতের পরিমাণ কিছুটা বেড়েছে। ১৫ মার্চ শেষ হওয়া সপ্তাহে এসব ব্যাংকে আমানতের পরিমাণ ৬ হাজার ৭০০ কোটি ডলার বেড়ে ১০ লাখ ৭৪ হাজার ডলারে পৌঁছেছে।