২০২২ সালের প্রথমার্ধে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রকল্পে বিশ্বের শীর্ষ গন্তব্য হিসেবে দুবাই তার অবস্থান ধরে রেখেছে। অর্থনীতি ও পর্যটন বিভাগের (ডিইটি) প্রকাশিত তথ্য অনুসারে, বছরের প্রথম ছয় মাসে শহরটি ৪৯২টি এফডিআই প্রকল্প আকর্ষণ করতে পেরেছে। এর মাধ্যমে দুবাইয়ের এফডিআই প্রকল্প গত বছরের একই সময়ের তুলনায় ৮০ দশমিক ২ শতাংশ বেড়েছে। খবর দ্য ন্যাশনাল।
জানুয়ারি-জুন সময়ে সংযুক্ত আরব আমিরাতের শহরটিতে এফডিআই ১ হাজার ৩৭২ কোটি দিরহামে (৩৭৪ কোটি ডলার) পৌঁছেছে। এফডিআইয়ের এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি।
দুবাইয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান ও প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বলেন, বিকল্প বিনিয়োগ এবং উচ্চপ্রযুক্তির প্রকল্পগুলো আমিরাতের এফডিআই প্রবাহের অনুপাতকে ক্রমবর্ধমানভাবে বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া দুবাইকে উদ্ভাবন ও উন্নত প্রযুক্তির একটি কেন্দ্র এবং বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির রাজধানী হিসেবে পরিচিত করে তোলে।
দুবাই ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সির তথ্যানুসারে, গ্রিনফিল্ড প্রকল্পগুলো মূলত ৫৬ শতাংশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনতে সহায়তা করেছে। শুধু তা-ই নয়, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে এর মাধ্যমে। তথ্যানুসারে, এফডিআই বিনিয়োগ ও নতুন নতুন প্রকল্পগুলোর মাধ্যমে বছরের প্রথমার্ধে ১৫ হাজার ১৬৪টি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৫ শতাংশ বেশি।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ সংক্রান্ত কর্মসংস্থানেও দুবাই তার শীর্ষস্থান ধরে রেখেছে। দেশটি পুনর্বিনিয়োগ এফডিআই প্রকল্পের ক্ষেত্রে বিশ্বব্যাপী চতুর্থ, পুনর্বিনিয়োগ এফডিআই মূলধন প্রবাহে বিশ্বব্যাপী দশম এবং পুনর্বিনিয়োগ প্রকল্পগুলোর দ্বারা সৃষ্ট কর্মসংস্থানের ক্ষেত্রে অষ্টম স্থানে রয়েছে।
বছরের প্রথমার্ধে দুবাইভিত্তিক এফডিআই মূলধনের শীর্ষ উৎস দেশগুলো হলো যুক্তরাজ্য (৩৬ শতাংশ), যুক্তরাষ্ট্র
(২০ শতাংশ), ফ্রান্স
(১০ শতাংশ), সিঙ্গাপুর
(৫ শতাংশ) ও সুইজারল্যান্ড (৪ শতাংশ)। এফডিআই প্রকল্পের পরিপ্রেক্ষিতে শীর্ষ পাঁচটি উৎস বাজার ছিল যুক্তরাষ্ট্র (১৮ শতাংশ), যুক্তরাজ্য
(১৫ শতাংশ), ভারত
(১৩ শতাংশ) এবং সিঙ্গাপুর ও ফ্রান্স (প্রতিটি ৪ শতাংশ)।
ছয় মাসের মধ্যে দুবাইয়ে সবচেয়ে বেশি এফডিআই মূলধন প্রবাহ এসেছে, তা হচ্ছে ঠিকাদার (২৮ শতাংশ), অনাবাসিক
ভবন নির্মাণ (১২ শতাংশ), বাসস্থান
ও খাদ্য পরিষেবা (১২ শতাংশ), ডাটা
প্রসেসিং, হোস্টিং ও পরিষেবা (৬ শতাংশ) এবং বৈদ্যুতিক জ্বালানি উৎপাদন (৪ শতাংশ)।
এ বছরের প্রথমার্ধে দুবাইতে আসা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ প্রকল্পগুলোর মধ্যে ৫৬ শতাংশ ছিল গ্রিনফিল্ড প্রকল্প। তাছাড়া ২৯ শতাংশ নতুন ধরনের বিনিয়োগের অন্তর্গত। এছাড়া ৬ শতাংশ ভেঞ্চার ক্যাপিটাল সমর্থিত এফডিআই প্রকল্প, ৫ শতাংশ একীভূতকরণ ও অধিগ্রহণ প্রকল্প, ৩ শতাংশ পুনর্বিনিয়োগ এবং ১ শতাংশ যৌথ উদ্যোগ।
ডিইটির মহাপরিচালক হেলাল আল মারি বলেন, আমরা দারুণ গতিময়তা দিয়ে শুরু করেছি। এফডিআই প্রবাহে এ গতির শুরুটা হয়েছিল এক্সপো ২০২০-এর মতো সফল আয়োজনের মাধ্যমে।










