দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী পরিষদের (২০২৪-২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে টিম ওয়ান প্যানেল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছে। 

গতকাল গুলশানের বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেনে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ড। নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ৯ মে প্রাথমিক এবং ১১ মে চূড়ান্তভাবে বেসিসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পদ বণ্টন করা হবে। 

নির্বাচনে আটটি জেনারেল ক্যাটাগরিতে ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, ৩৮৮ ভোট পেয়ে সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান, ৩৬৭ ভোট পেয়ে বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম, ৩৫৭ ভোট পেয়ে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক, ৩৫৫ ভোট পেয়ে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ, ৩৪৯ ভোট পেয়ে এ আর কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, ৩৪১ ভোট পেয়ে ডিভাইন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং ৩২৫ ভোট পেয়ে শুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম (৩২৫)।

অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন যথাক্রমে ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, ৪৮ ভোট পেয়ে কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল বিজয়ী হন। 

ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে লটারির মাধ্যমে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছে। 

এবারের নির্বাচনে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে টিম স্মার্ট, ওয়ান টিম এবং টিম সাকসেস নামের তিনটি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন ওয়ান টিম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওয়ান টিম সাধারণ, অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১১টি পদের আটটিতে জয় পেয়েছেন। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন টিম স্মার্ট সদস্যরা তিনটিতে জয় পেয়েছেন। 

নির্বাচন চলাকালীন উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টিআইএম নুরুল কবীর এবং বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বেসিসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ এবং আপিল বোর্ডের সদস্য নাজনীন কামাল।