চলতি বছর নজিরবিহীন কয়লা সংকটে পড়ে ভারত। দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোয় জ্বালানি পণ্যটির মজুদ শূন্যের কোটায় নেমে আসে। দেখা দেয় ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি। তবে নভেম্বরে উত্তোলন বাড়ানোর মাধ্যমে সংকট উত্তরণের সম্ভাবনা দেখছে দেশটির নীতিনির্ধারকরা।
নভেম্বরে ভারতের কয়লা উত্তোলন ১০ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টনে। দেশটির কয়লাবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কয়লা সংকট মোকাবেলায় ভারত সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তথ্য বলছে, ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনে ১৮ লাখ ৫০ হাজার থেকে ১৮ লাখ ৭০ হাজার টন কয়লা পোড়ায়। কিন্তু তীব্র সরবরাহ সংকটের কারণে গত ৮ অক্টোবর কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোয় জ্বালানি পণ্যটির মজুদ ৭২ লাখ ৩০ হাজার হাজার টনে নেমে আসে। তলানিতে নেমে আসা মজুদ পরিপূর্ণের কাজ করছেন খাতসংশ্লিষ্টরা।
বিবৃতিতে বলা হয়, গত মাসে মোট উত্তোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির উত্তোলন ৭ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৮ লাখ টনে উন্নীত হয়েছে। সিঙ্গারেনি কোলাইরিজ লিমিটেডের উত্তোলন ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৬ লাখ ১০ হাজার টনে পৌঁছেছে। ক্যাপটিভ ব্লকগুলোর উত্তোলন ৩৯ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৮৪ লাখ ৩০ হাজার টনে দাঁড়িয়েছে।
এদিকে উত্তোলনের পাশাপাশি কয়লা আমদানিও বাড়ানো হয়েছে। নভেম্বরে ভারতের বন্দরগুলোয় ৭ কোটি ১১ লাখ ৩০ হাজার টন কয়লা খালাস করা হয়। আমদানির পরিমাণ বেড়েছে ২১ দশমিক ৩৮ শতাংশ।
চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত ভারতের কয়লা উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টনে। গত অর্থবছরের একই সময় উত্তোলনের পরিমাণ ছিল ৩৩ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টন।










