কোরবানির পর সাভার চামড়া শিল্প নগরীর অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গতকাল হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় তারা এমনটা জানান। 

সভায় সভাপতিত্ব করেন সালমান এফ রহমান। এ সময় তিনি কারখানাগুলোর পরিবেশসংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমরা কারখানা মালিকদের কথা শুনেছি। মালিকদের সমস্যাটা হচ্ছে, যদি পরিবেশ মন্ত্রণালয় থেকে তারা সনদ না পায়, তাহলে তারা ব্যবসা করতে পারছে না। পরিবেশ মন্ত্রণালয়ের কথা হলো, আপনি যদি আমাদের মানদণ্ড না মানেন, তাহলে আমরা কীভাবে সনদ দেব। 

পরিবেশ সনদ প্রদানের বাধ্যবাধকতা শিথিলে পরিবেশমন্ত্রী রাজি হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এটা সাময়িক সময়ের জন্য অর্থাৎ কোরবানি পর্যন্ত দেয়া হবে। কোরবানির পর যদি পরিবেশ মন্ত্রণালয়ের স্ট্যান্ডার্ডের মধ্যে না আসে, তাহলে সে সার্টিফিকেটগুলো বাতিল করা হবে। সে জায়গায় আমরা এখন আছি। 

পরিবেশমন্ত্রী বলেন, ‘দূষণ নিয়ন্ত্রণে লেদার ওয়ার্কিং গ্রুপের চাহিদা পূরণ করতে না পারলে পণ্য রফতানি করা যাবে না। কোরবানির পর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।