চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি সিনোপেককে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ২৭ বছর মেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। এ চুক্তির মাধ্যমে সিনোপেক কোম্পানিকে এলএনজি সরবরাহ করবে কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানিটি। এটিই এখন পর্যন্ত এলএনজি ক্রয়-বিক্রয়সংক্রান্ত দীর্ঘমেয়াদি চুক্তি বলে জানা গিয়েছে। খবর রয়টার্স।
সোমবার কাতারের রাজধানী দোহায় চীনের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর হয়। এর আগে সংবাদ সংস্থা রয়টার্সকে কাতারের জ্বালানি সংস্থার প্রধান সাদ আল কিয়াবি বলেন, এ চুক্তির মাধ্যমে চীনের সিনোপেক কোম্পানির কাছে ২৭ বছরে ৪০ লাখ টন এলএনজি সরবরাহ করা হবে। এটি একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এলএনজির বাজারে প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠে। বিশেষ করে ইউরোপে গ্যাসের প্রধান রফতানিকারক দেশ ছিল রাশিয়া। কিন্তু যুদ্ধের কারণে বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় দেশটি। ফলে গ্যাস সংকটের মুখোমুখি হয় ইউরোপ।










