সাশ্রয়ী মূল্যে উড়োজাহাজ ভ্রমণ পরিষেবা কোম্পানি এয়ারএশিয়ার হোল্ডিং কোম্পানি ক্যাপিটাল দ্বিতীয় প্রান্তিকে ভালো প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। কোম্পানিটি মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে আগের বছরের একই সময়ের তুলনায় ৯৬ দশমিক ৭ শতাংশ বেশি যাত্রী বহন করেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

এভিয়েশন গ্রুপটির সর্বশেষ পরিচালন প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে এয়ারএশিয়া মালয়েশিয়া, এয়ারএশিয়া থাইল্যান্ড, এয়ারএশিয়া ইন্দোনেশিয়া ও এয়ারএশিয়া ফিলিপাইনের মাধ্যমে ৭২ লাখ ৪০ হাজার যাত্রী ভ্রমণ করেছে, চলতি বছরের একই সময়ে তার পরিমাণ ১ কোটি ৪২ লাখের বেশি।

প্রান্তিক থেকে প্রান্তিক হিসাবে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে চারটি দেশে ১ কোটি ৩২ লাখ যাত্রী ভ্রমণ করেছিল, বছরের দ্বিতীয় প্রান্তিকে তা ৭ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে ক্যাপিটাল এ জানায়, গ্রুপটি সামগ্রিকভাবে যাত্রী ধারণক্ষমতা বছরওয়ারি ৮৪ শতাংশ বাড়তে দেখেছে, যার পরিমাণ ১ কোটি ৬২ লাখ। অন্যদিকে লোড ফ্যাক্টর ৬ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে।

এয়ারলাইনস কোম্পানিটি এ প্রান্তিকে ১৪৬টি উড়োজাহাজ পরিচালনা করেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯০টি। মালয়েশিয়ায় ৬৭ শতাংশ যাত্রী বৃদ্ধির বিষয়টিও এয়ারলাইনসের ইতিবাচক প্রবৃদ্ধির বিষয়টিকে চিহ্নিত করে। ২০২২ সালে এখানকার যাত্রীসংখ্যা ছিল ৩৮ লাখ ৫০ হাজার। চলতি বছর এর পরিমাণ বেড়ে ৬৪ লাখ ৫০ হাজারে উন্নীত হয়েছে।