চীনের একটি চা বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রেডমার্ক মামলায় জয় পেয়েছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ। তবে আদালতের রায়টি নিয়ে চীনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নকশা কোনো একক প্রতিষ্ঠান একচেটিয়াভাবে নিজেদের ট্রেডমার্ক হিসেবে দাবি করতে পারে কি না।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের জনপ্রিয় চা ব্র্যান্ড ‘মলি টি’। প্রতিষ্ঠানটির ফুলের আকৃতির লোগো লুই ভিতোঁর বিখ্যাত মনোগ্রাম নকশার সঙ্গে মিল রয়েছে বলে অভিযোগ করে মামলা করে বিলাসবহুল ব্র্যান্ডটি। চীনের সুজৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট প্রথম ধাপের রায়ে লুই ভিতোঁর পক্ষেই সিদ্ধান্ত দেন।

আদালতের নথি অনুযায়ী, মলি টির লোগোর নকশা ও রেখার ধরন লুই ভিতোঁর নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিলে গেছে। আদালত প্রতিষ্ঠানটিকে ওই লোগোর ব্যবহার বন্ধ করতে, প্রকাশ্যে ক্ষমা চাইতে ও ১ কোটি ৩ লাখ ইউয়ান ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।

যদিও আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো সরকারি ডাটাবেজে প্রকাশ হয়নি। এছাড়া মামলাটি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে চীনা সংবাদমাধ্যমকে মলি টির প্রতিষ্ঠাতা জানায়, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

চার পাপড়ির ফুল ঘিরে বিরোধ

বিরোধের মূল বিষয় লুই ভিতোঁর মনোগ্রামে ব্যবহৃত চার পাপড়ির ফুলের নকশা। নকশাটি ব্র্যান্ডের ‘এলভি’ (LV) আদ্যক্ষর ও অন্যান্য নকশার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। উনিশ শতকের শেষ দিকে নকল পণ্য ঠেকানোর উদ্দেশ্যে লুই ভিতোঁ এ মনোগ্রাম তৈরি করে। পরে এটি বিশ্বের অন্যতম পরিচিত বিলাসবহুল ব্র্যান্ড পরিচয়ে পরিণত হয়। প্রতিষ্ঠানটি শুধু পুরো মনোগ্রাম নয়, এর পৃথক নকশাগুলোও আলাদা ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছে।

অন্যদিকে শেনঝেনভিত্তিক মলি টি নিজেদের দোকান, কাপ, ব্যাগ ও প্যাকেজিংয়ে একই ধরনের চার পাপড়ির ফুল ব্যবহার করে।

আদালতের মতে, দুই প্রতিষ্ঠানের পণ্য ভিন্ন বাজারের হলেও ক্রেতারা ভুল করে ভাবতে পারেন, মলি টি হয়তো লুই ভিতোঁর সঙ্গে কোনো যৌথ উদ্যোগ বা ব্র্যান্ড সহযোগিতায় যুক্ত হয়েছে।

সাংস্কৃতিক নকশা নিয়ে মতবিরোধ

রায়ের পর বিষয়টি শুধু দুই প্রতিষ্ঠানের লোগোর মিলেই সীমাবদ্ধ থাকেনি। এটি এখন সাংস্কৃতিক ঐতিহ্য, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও ট্রেডমার্ক আইনের সীমা নিয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি বলছে, প্রতিষ্ঠানগুলো সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে নতুন নকশা তৈরি করতে পারে। তবে সেই নিবন্ধনের মাধ্যমে ঐতিহ্যগত নকশার ওপর সম্পূর্ণ একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করা উচিত নয়। তাদের মতে, এ ধরনের ট্রেডমার্কের সুরক্ষা সীমিত হওয়া প্রয়োজন।

অন্যদিকে লিগ্যাল উইকেন্ডের মত হলো, ট্রেডমার্ক আইন কোনো ফুল বা সাধারণ নকশাকে সুরক্ষা দেয় না। বরং দীর্ঘদিনের ব্যবহার, স্বতন্ত্র নকশা ও বিপুল বিনিয়োগের মাধ্যমে তৈরি হওয়া পরিচিতিকে আইনি সুরক্ষা দেয়।

লুই ভিতোঁ জানায়, কোম্পানির মনোগ্রাম আর্ট নুভো, জাপোনিজম ও গথিক শিল্পধারা থেকে অনুপ্রাণিত। তবে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করেন, লুই ভিতোঁর চার পাপড়ির নকশার সঙ্গে চীনের ঐতিহ্যবাহী ‘শিদিওয়েন’ অলংকারের মিল রয়েছে। কেউ কেউ আবার তাং রাজবংশের বাদ্যযন্ত্রে ব্যবহৃত ফুলের নকশার কথাও উল্লেখ করেন।

আদালতের আইনি ব্যাখ্যা

বেইজিংভিত্তিক আইন প্রতিষ্ঠান বিজেডডব্লিউ ল ফার্মের অংশীদার দাই জিয়াপেং বলেন, ট্রেডমার্ক লঙ্ঘনের মামলায় মূল প্রশ্ন হলো অভিযুক্ত নকশাটি নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে কতটা মিল রয়েছে, এতে ভোক্তা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি না ও নকশাটি ইচ্ছাকৃতভাবে অনুকরণ করা হয়েছে কি না।

খবর ও ছবি নিক্কেই এশিয়া