চীনে গত মাসে অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে। বিশ্ববাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়তি লাভের প্রত্যাশায় উৎপাদন বাড়িয়েছেন দেশটির ব্যবসায়ীরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস)। খবর বিজনেস রেকর্ডার।

এনবিএসের দেয়া তথ্যানুযায়ী, জুনে চীনের প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি মোট ৩৬ লাখ ৭০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে, যা ২০১৪ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চে।

তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান সাংহাই মেটাল মার্কেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় নতুন অ্যালুমিনিয়াম উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত জলবিদ্যুৎ সরবরাহে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে বেশির ভাগ কারখানায় পণ্যটির উৎপাদন পুনরায় শুরু হয়েছে। এসব কারণে সার্বিকভাবে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে।

এনবিএস জানায়, চীন জানুয়ারি-জুন পর্যন্ত ছয় মাসে মোট ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। এছাড়া দেশটিতে তামা, অ্যালুমিনিয়াম, সিসা, দস্তা ও নিকেলসহ ১০টি নন-ফেরাস ধাতু (যে ধাতু লৌহঘটিত নয়) উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মোট উৎপাদন পৌঁছেছে ৬৬ লাখ ১০ হাজার টনে।