বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, তার ছেলে আইএফআইসি ব্যাংকের তৎকালীন ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকেও পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে জানানো হয়, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীণ জিরো ক্যুপন বন্ড’ ইস্যুর সময় ‘আইএফআইসি আমার বন্ড’ নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করা হয়। ফলে বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় যে বন্ডটি ইস্যু করেছে আইএফআইসি ব্যাংক। মূলত বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। এ বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সালমান এফ রহমান ও তার ছেলের জরিমানার পাশাপাশি পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
পাশপাশি আইএফআইসি ইনভেস্টমেন্টের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংক্রান্ত সকল ধরণের কাজে নিষিদ্ধ, আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ ও আইএফআইসি ব্যাংককে সতর্কীকরণের সিদ্ধান্ত নেয় কমিশন। ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল ও কামরুন নাহার আহমেদ এবং তৎকালীন স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকে সতর্ক করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া বন্ডটির ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে (ইসিআরএল) ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।










