২০২১-২২ অর্থবছরে ভারতে প্রাকৃতিক রাবার উৎপাদন বৃদ্ধি পেয়ে নয় বছরে সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির রাবার বোর্ডের নির্বাহী পরিচালক কেএন রাঘাভান বলেন, শিল্প পণ্যের আওতাধীন এলাকায় উচ্চ ফলন হওয়া, নতুন জায়গায় আবাদ বৃদ্ধি পাওয়ায় রাবারের উৎপাদন বেড়েছে। দ্য হিন্দু বিজনেস লাইন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত অর্থবছরে ৮ শতাংশ উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও রাবার আমদানি হয়েছে ৫ লাখ ৪৬ হাজার টন। এতে দেশটির রাবার আমদানি তিন বছরে সর্বোচ্চে দাঁড়িয়েছে। দেশটিতে রাবার ব্যবহারের পরিমাণ রেকর্ড ১২ লাখ ৩৮ হাজার টনে দাঁড়ানোয় আমদানি বাড়াতে হয়েছে। উল্লেখ্য, গত অর্থবছরে ভারতের রাবার উৎপাদন হয়েছে ৭ লাখ ৭৫ হাজার টন। রাবার বোর্ডের নির্বাহী পরিচালক কেএন রাঘাভান আরো বলেন, ২০১২-১৩ অর্থবছরে ভারতের রাবার উৎপাদন ৯ লাখ ১৩ হাজার লিটার রেকর্ড উৎপাদনের পর তা সাত লাখ লিটারের নিচে নেমে আসে।
২০২১-২২ অর্থবছরে হেক্টরপ্রতি উৎপাদনের পরিমাণ ১ হাজার ৪৭২ কেজি, যা আগের বছর ছিল ১ হাজার ৪৪২ কেজি। যদিও ২০২১-২২ অর্থবছরে রাবারের এ উৎপাদন ২০০৬-০৭ সালে রেকর্ড করা ১ হাজার ৮৭৯ কেজির চেয়ে অনেক কম বলেও জানান তিনি।










