রাশিয়ায় অ্যালুমিনা ও বক্সাইটসহ অ্যালুমিনিয়াম আকরিক রফতানি নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গতকাল দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। মূলত ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়ায় চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। খবর রয়টার্স।
বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ান সরকার জানায়, রাশিয়ায় যে পরিমাণ অ্যালুুমিনিয়ার চাহিদা রয়েছে, তার ২০ শতাংশই সরবরাহ করে অস্ট্রেলিয়া। এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতা কমে আসবে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্যটির রফতানি বিপর্যয়ের মুখে পড়তে পারে।
বিবৃতিতে আরো বলা হয়, নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার রফতানিকারক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে। এ ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প বাজার সম্প্রসারণে দেশটির সরকার ও রফতানিকারকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
রাশিয়ার কুইন্সল্যান্ড অ্যালুমিনা লিমিটেডে (কিউএএল) অ্যাঙ্গলো-অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট রিও টিন্টোর ৮০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এটির সঙ্গে যৌথভাবে কাজ করছে রাশিয়ার রুসাল ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া রাশিয়ার খনিজ সম্পদ শিল্পের সঙ্গে জড়িত দুজন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে একজন ধনকুবের ওলেগ ডেরিপাসকা। কিউএএলে তার অংশীদারিত্ব রয়েছে।
অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ৪৪৩ জনের ওপর ৪৭৬টি নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে পুতিনের অত্যন্ত কাছের ব্যবসায়ীও রয়েছেন। নিষেধাজ্ঞার মুখে পড়েছে ৩৩টি প্রতিষ্ঠান। এগুলোর বেশির ভাগই দেশটির ব্যাংকিং খাতসংশ্লিষ্ট।
এদিকে অস্ট্রেলিয়ার সরকার বলছে, তারা ইউক্রেনে জ্বালানি চাহিদা মেটাতে দেশটিতে ৭০ হাজার টন তাপীয় কয়লা বিতরণ করবে।










