বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই প্রান্তিকের তুলনায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৬ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ২৭ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ৩৩ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের ইপিএ হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ২৩ পয়সা বা ৯৮ দশমিক ৪০ শতাংশ। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ২৮ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ১১ পয়সা। মুনাফা তলানিতে নামায় আলোচ্য হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। ডিএসইতে গতকাল বিডি থাই শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৬ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১২ টাকা ৭০ ও ২১ টাকা ২০ পয়সা।










