চলতি বছরের এপ্রিলে ব্রাজিলের সয়াবিন রফতানি খাত চরম চাঙ্গা হয়ে উঠেছে। এ সময় দেশটি ১ কোটি ৬০ লাখ টনের বেশি সয়াবিন রফতানি করেছে। এর মধ্য দিয়ে মাসভিত্তিক সয়াবিন রফতানিতে নতুন রেকর্ড করেছে ব্রাজিল। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ব্রাজিলের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৬৩ লাখ টন সয়াবিন রফতানি হয়েছে। গত বছরের একই সময়ে দেশটি মোট ৯৪ লাখ টন সয়াবিন রফতানি করেছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ব্রাজিল থেকে কৃষিপণ্যটির রফতানি বেড়েছে ৬৯ লাখ টন।

ব্রাজিলের ইতিহাসে এটাই সয়াবিনের সর্বোচ্চ মাসভিত্তিক রফতানির রেকর্ড। এর আগে ২০১৮ সালের মে মাসে দেশটি থেকে সবচেয়ে বেশি সয়াবিন রফতানি হয়েছিল। ওই মাসে ব্রাজিলীয় রফতানিকারকরা সব মিলিয়ে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টন সয়াবিন রফতানি করেছিলেন। মূলত চীনের বাজারে চাহিদা আগের তুলনায় বাড়তির দিকে থাকায় গত মাসে ব্রাজিল থেকে রেকর্ড পরিমাণ সয়াবিন রফতানি হয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।