পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বলেছেন, দেশে শিল্প-উপযোগী শিক্ষা চালু এবং দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। সরকার এরই মধ্যে কর্মমুখী শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীতে গতকাল উচ্চশিক্ষা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব এ আহ্বান জানান।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিইউএমের সহযোগিতায় ‘ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন’ শীর্ষক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে গতকাল। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভোস্ট আহমেদ সুমন সোবাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাস্ট-এসডিআইর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাতুল হক রিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিআইর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।

এছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক ও সাবেক রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কামরুন নেহারসহ কর্মশালায় অংশগ্রহণকারীরা।

পিইউএমের সিনিয়র এক্সপার্ট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মারিনা ভার্সলুইস প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশ নেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পিইউএমের প্রতিনিধিরা। কর্মসূচির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব, সুশাসন, সাংগঠনিক দক্ষতা, কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি করা।— সংবাদ বিজ্ঞপ্তি