চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবের জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি আরামকোর মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯০ কোটি ডলারে। গত বছরের একই সময় আরামকো ৩ হাজার ৯৫০ কোটি ডলার মুনাফা করেছিল। মূলত অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারদর কমে যাওয়ার কারণেই মুনাফায় টান পড়ে।
কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ নাসের এক বিবৃতিতে বলেন, ‘সক্ষমতা সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।’ স্বল্পমেয়াদে কমলেও দীর্ঘমেয়াদে মুনাফায় প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কোম্পানিটি গত বছর মোট ১৬ হাজার ১১০ কোটি ডলার মুনাফা করেছিল। রেকর্ড পরিমাণ এ মুনাফার কারণে দেশটির বাজেটে এক দশকের মধ্যে প্রথমবারের মতো উদ্বৃত্ত ছিল। ২০২২ সালের শুরুর দিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। এ সুযোগে ফুলেফেঁপে ওঠে আরামকোসহ শীর্ষ কোম্পানিগুলোর মুনাফা।










