চলতি ২০২১-২২ মৌসুমে ভুট্টা ও গমের বাম্পার ফলনের আশা করছে ইউক্রেন। তবে যব উৎপাদনের হার বিগত বছরের মতোই থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
২০২১-২২ অর্থবছরে ইউক্রেনে ২৬৮ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে, যা বিগত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। দেশীয় খাতে গম খাদ্যদ্রব্য তৈরি ও ময়দার জন্য ব্যবহার করা হয়।
ইউএসডিএ জানায়, রফতানীকৃত গমের দাম যখন বাড়ছিল তখন শস্য রফতানিকারকদের সঙ্গে দেশীয় ময়দা উৎপাদনকারী মিলাররা প্রতিযোগিতায় টিকতে পারেননি। এ কারণে সাম্প্রতিক সময়ে ময়দা উৎপাদনে স্থির গতি লক্ষ করা গেছে।
কয়েক বছর ধরে ইউক্রেনে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল, যার সঙ্গে রুটি উৎপাদন খাতও ব্যাহত হয়েছিল। বিশেষজ্ঞদের আশা, ২০২১-২২ অর্থবছরে ১৮৫ লাখ টন গম উৎপাদন সম্ভব হবে, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি।
অন্যদিকে ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৩৫ লাখ টন নির্ধারণ করা হয়েছে, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ইউএসডিএর ধারণা, ইউক্রেনে ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টন ভুট্টার প্রয়োজন হবে। এর মধ্যে ৪৮ লাখ টনই খাবারের জন্য ব্যবহার করা হবে।










