২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় চিনি উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। ২০২৩-২৪ মৌসুমের তুলনায় উৎপাদন এক লাখ টন বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়ায় ৪২ লাখ টন চিনি উৎপাদনের প্রাক্কলন করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে তা বেড়ে ৪২ লাখ টনে উন্নীত হতে পারে। ইউএসডিএ জানায়, উৎপাদন বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে প্রত্যাশিত আখ উৎপাদন বৃদ্ধি। পাশাপাশি ফলনও বাড়তে পারে লক্ষণীয় মাত্রায়। 

২০২৩-২৪ বিপণন মৌসুমে অস্ট্রেলিয়ার অপরিশোধিত চিনি রফতানির পরিমাণ ধরা হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার টন। ২০২৪-২৫ মৌসুমে তা কিছুটা বেড়ে দাঁড়াতে পারে ৩৪ লাখ ৫০ হাজার টনে।

সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়া খুব সীমিত পরিমাণে চিনি উৎপাদন করে। কিন্তু দেশটি রফতানির দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ সেখানে ভোগ্যপণ্যটির ব্যবহার ও চাহিদা অত্যন্ত কম। দেশটিতে উৎপাদিত বেশির ভাগ চিনিই জাপান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় সরবরাহ করা হয়। 

প্রসঙ্গত, বিশ্ববাজারে গত বছরের নভেম্বরে অপরিশোধিত চিনির দাম বেড়ে ১২ বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠে গিয়েছিল। সম্প্রতি দাম কিছুটা কমলেও তা এখনো রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি। কারণ ২০২৪-২৫ মৌসুমে পণ্যটির বৈশ্বিক সরবরাহ ঘাটতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে।