পুঁজিবাজার তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) সমাপ্ত ২০২৩ হিসাব বছরের আগের হিসাব বছরের তুলনায় আড়াই শতাংশ বেড়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা।
এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে দুপুর সাড়ে ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররেদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সামিট অ্যালায়েন্স পোর্টের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ১৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯ কোটি ৩৬ লাখ টাকা বা ৪৯ দশমিক ৭১ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৯ পয়সা।










