বিশ্ব ফুসফুস ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফুসফুসের ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এ সেমিনার আয়োজন করে।
আজ রোববার (৯ আগস্ট) এনএসইউর অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার গুরুত্ব প্রচার করাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ও প্রজেক্ট ডিরেক্টর অনকোলজিস্ট অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসাইন শাহরিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী মোস্তাক হোসেন। এছাড়া এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সেমিনারে মূল বক্তব্যে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক রোগ নির্ণয়ের গুরুত্ব এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসকদের কাজের অভিজ্ঞতা ও একাডেমিক শিক্ষার মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করতেই এ বিষয়ে বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হয়েছে।
বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা এই রোগের ঝুঁকি এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পান। ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ জানিয়েছে, তারা তরুণদের সচেতন করার মাধ্যমে দেশের জনস্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
—বিজ্ঞপ্তি









