ময়দার বৈশ্বিক বাণিজ্য বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছার পূর্বাভাস মিলেছে। ইন্টারন্যাশনাল গ্রেইন্স কাউন্সিল (আইজিসি) সম্প্রতি খাদ্যশস্যের বৈশ্বিক বাজারসংক্রান্ত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে। 

ময়দার বৈশ্বিক বাণিজ্য সংশোধন করেছে আইজিসি। এতে মার্চের পূর্বাভাসের তুলনায় বাণিজ্যের পরিমাণ ছয় লাখ টন বাড়িয়ে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ মৌসুমে বিশ্বজুড়ে ১ কোটি ৫১ লাখ টন ময়দার বাণিজ্য হবে, আগের মৌসুমের তুলনায় যা ৪ শতাংশ বেশি। এছাড়া ২০১৮-১৯ মৌসুমের পর এ রেকর্ড সর্বোচ্চ। 

আইজিসি জানায়, বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে সাব-সাহারান অঞ্চলের দেশগুলো। এসব দেশ ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে বিপুল পরিমাণে ময়দা আমদানি করবে। অঞ্চলটিতে তুরস্ক থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। 

আইজিসির তথ্যমতে, সাব-সাহারান অঞ্চলগুলোয় ২০২৩-২৪ মৌসুমে ২৮ লাখ টন ময়দা আমদানি হতে পারে, যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। এ অঞ্চলে ইথিওপিয়া ও সুদান সবচেয়ে বেশি আমদানি করবে।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশগুলোয় এক বছরের ব্যবধানে আমদানি বেড়ে ১১ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২১-২২ মৌসুমের পর সর্বোচ্চ। উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলোয়ও আমদানি লক্ষ্যণীয় মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে।   

সাব-সাহারান আফ্রিকা ও আমেরিকার দেশগুলোয় আমদানি বাড়লেও নিম্নমুখী থাকবে এশিয়ার একটি অংশ ও সিআইএসভুক্ত দেশগুলোয়। ইরাক বিশ্বের দ্বিতীয় শীর্ষ ময়দা আমদানিকারক দেশ। সেখানে ২০২৩-২৪ মৌসুমে গম ও ময়দা আমদানি কমার সম্ভাবনা রয়েছে। আইজিসির প্রাক্কলন অনুযায়ী, আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ১৭ লাখ টনে, এটি হতে যাচ্ছে নয় বছরের মধ্যে সর্বনিম্ন আমদানি। 

আইজিসির হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমেও বিশ্বের শীর্ষ ময়দা আমদানিকারক দেশের অবস্থান ধরে রাখবে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটি এ সময় ২৩ লাখ ৫০ হাজার টন আমদানি করতে পারে।

অন্যদিকে রফতানিতে বরাবরের মতোই শীর্ষ অবস্থান ধরে রাখবে তুরস্ক। এ বছর দেশটি থেকে রফতানি হতে পারে ৫৯ লাখ টন, যা আগের মৌসুমের তুলনায় ১০ লাখ টন বেশি। জানুয়ারি থেকে চলতি মাসের এখন পর্যন্ত তুরস্ক ৩৪ লাখ টন ময়দা রফতানি করেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি এবং ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ১৪ লাখ টনই সরবরাহ করা হয়েছে সাব-সাহারান আফ্রিকার দেশগুলোয়। 

কাজাখস্তান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ময়দা রফতানিকারক। ২০২৩-২৪ মৌসুমে দেশটি থেকে রফতানি হতে পারে ২৬ লাখ টন, যা এর আগের মৌসুমের তুলনায় কিছুটা কম।