গত বছরের ডিসেম্বরে কানাডায় খুচরা বিক্রি পূর্বাভাসের তুলনায় বেশি হয়েছে। ছুটির মৌসুমে দেশটির নাগরিকদের গাড়ি, খাদ্য ও পানীয় এবং সুপার মার্কেটে বেশি অর্থ ব্যয় বিক্রি বাড়াতে প্রভাবকের ভূমিকা পালন করেছে। সম্প্রতি কানাডার জাতীয় পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কানাডা এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তবে আশঙ্কা করা হচ্ছে, চলতি বছরের শুরুতে খুচরা বিক্রি আবার কমতে পারে। খবর রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, নভেম্বর থেকে ডিসেম্বরে খুচরা বিক্রি দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা পূর্বাভাসকৃত দশমিক ৮ শতাংশের তুলনায় বেশি। প্রাথমিক অনুমান অনুসারে, জানুয়ারিতে দশমিক ৪ শতাংশ কমতে পারে। ডেসজার্ডিনস গ্রুপের অর্থনীতিবিদ তিয়াগো ফিগুয়েরেডো এক বিবৃতিতে বলেন, ‘আমরা ধারণা করছি, চলতি বছরের প্রথমার্ধে কানাডার অর্থনীতি মন্থর হবে। কারণ আগের তুলনায় আরো বেশি পরিবার উচ্চ সুদহারের কারণে প্রভাবিত হচ্ছে।’
ব্যাংক অব কানাডা (বিওসি) জুলাই থেকে ঋণবাবদ খরচ ৫ শতাংশ ধার্য করেছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ডিসেম্বরে খুচরা বিক্রির পরিমাণ ছিল ৬ হাজার ৭৩০ কোটি কানাডিয়ান ডলার বা ৪ হাজার ৯৮৬ কোটি ডলার। এ পরিমাণ বিক্রির ফলে নয়টি উপখাতের মধ্যে পাঁচটিতে প্রবৃদ্ধি হয়েছে।
ডিসেম্বরে এ প্রবৃদ্ধির অর্থ হলো ২০২৩ সালে ১২ মাসের মধ্যে আটটিতে ক্রেতারা নিট ব্যয়কারী ছিল। ফলে উচ্চ সুদের হার এখনো ভোক্তাদের প্রভাবিত করতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিএমওর অর্থনীতিবিদ শেলি কৌশিক এক প্রতিবেদন উল্লেখ করে বলেন, ‘চতুর্থ প্রান্তিকের জিডিপি পূর্বাভাসের সঙ্গে মিলেছে।’
স্ট্যাটকানের প্রাথমিক পূর্বাভাস অনুসারে, কানাডার অর্থনীতি চলতি বছরের ডিসেম্বরে দশমিক ৩ শতাংশ বাড়বে, যা চতুর্থ প্রান্তিকে বার্ষিক ১ দশমিক ৪ শতাংশ বাড়বে এবং আগের প্রান্তিকে সংকুচিত হবে।
ব্যাংক অব কানাডার (বিওসি) পরবর্তী সুদহার সংক্রান্ত সিদ্ধান্তের এক সপ্তাহ আগে আগামী ২৯ ফেব্রুয়ারি চূড়ান্ত জিডিপি পরিসংখ্যান প্রকাশ হবে।
স্ট্যাটকানের তথ্যমতে, ভলিউমের ভিত্তিতে মোট খুচরা বিক্রি দশমিক ৮ শতাংশ বেড়েছে। মোট বিক্রির এক-চতুর্থাংশ ছিল মোটর গাড়ি ও যন্ত্রাংশ। খাতটি ১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধিসহ বিক্রিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিক্রয়ের দ্বিতীয় বৃহত্তম খাত ছিল খাদ্য ও পানীয়। এ খাতের বিক্রি মাসিক ভিত্তিতে ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
অন্যদিকে আসবাবপত্র, ইলেকট্রনিকস ও অন্যান্য যন্ত্রপাতির খুচরা বিক্রি সবচেয়ে বেশি কমেছে। এ খাত ২ দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়েছে।










