জ্বালানির বিকল্প উৎস নির্ধারণ করতে এ
খাতে ব্যাপক গবেষণা প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষিতে
গবেষণা ও সমাধান বের করতে হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
নসরুল হামিদ। তিনি বলেন, জ্বালানির বিকল্প উৎস বের করতেই হবে। সাশ্রয়ী মূল্যে জ্বালানি
সরবরাহই আমাদের মূল লক্ষ্য ।
রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে হাইড্রোকার্বন
ইউনিটের ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত গবেষণা কার্যক্রম বাস্তবায়নের
লক্ষে দশজন গবেষকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বিশ্বে বায়ু-ফুয়েলের
ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও বায়ু-ফুয়েলের ব্যবহার বাড়াতে গবেষণা বাড়ানো হবে। হাইড্রোজেন,
অ্যামোনিয়া, কোল-মিথেন নিয়েও আলোচনার অন্ত নেই। নবায়নযোগ্য জ্বালানি আগামী দিনের একটি
সমাধান হলেও বায়ু-ফুয়েলের ব্যবহারও সারা বিশ্বে বাড়ছে। ফলে জ্বালানির বিকল্প উৎস বের
করতেই হবে।
তিনি বলেন, নেট মিটারিং সিস্টেম চালু করা
হয়েছে, সোলারকে সাশ্রয়ী ও ব্যবসা বান্ধব করেছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা
কাউন্সিল, স্রেডা ও পাওয়ার সেল গবেষণায় নানাভাবে সহযোগিতা করছে ও করবে।
জ্বালানির বিভিন্ন উপ-খাতে গবেষণার জন্য
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন
আক্তার, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) পেট্রোলিয়াম এবং খনিজ
সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক
ড. এ.বি.এম. আলিম আল ইসলামসহ মোট ১০ জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো নূরুল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো.শামীম খান।










