বিদায়ী বছর জাপান ৯৫ হাজার ৫৮০ কোটি ইয়েন বা ৭৩৫ কোটি ডলারের ইন্ডাস্ট্রিয়াল রোবটের ক্রয়াদেশ পেয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। ২০২১ সালের তুলনায় ক্রয়াদেশ ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জাপান রোবট অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর পর সৃষ্ট শ্রমিক সংকটের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববাজার। অন্যদিকে ব্যাপক সম্প্রসারণ ঘটছে বৈদ্যুতিক গাড়ির বাজারে। এ বিষয়গুলো শিল্পোৎপাদন খাতে অটোমেশনের বলিষ্ঠ চাহিদা তৈরি করছে। ব্যাপক চাহিদা থাকায় গত বছর জাপান ৮৭ হাজার ৯২০ ইয়েনের ইন্ডাস্ট্রিয়াল রোবট উৎপাদন করেছে, যা ২০২১ সালের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। লজিস্টিকস, খাদ্য ও ফার্মাসিউটিক্যালসের মতো খাতগুলোয় প্যাকেজিং ও পরিবহনের ক্ষেত্রে অটোমেশন তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে ফনেকসহ জাপানের শীর্ষ রোবোটিকস কোম্পানিগুলো উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। নিক্কেই এশিয়া