কেউ কুকুরকে নিয়ে যাচ্ছেন নিয়মিত ব্যায়াম করাতে। কেউ নিচ্ছেন পুনর্বাসনসেবা। আবার কেউ কর্মস্থলে থাকার সময় বিড়ালটি ডে কেয়ারে রাখছেন। পোষা প্রাণীর খাবার, আচরণ ও সুস্থভাবে বেড়ে ওঠার বিষয়েও পরামর্শ নিচ্ছেন অনেকে।
আগে ভেটেরিনারি ক্লিনিকের মূল কাজ ছিল অসুস্থতা বা আঘাতের চিকিৎসা দেয়া। এখন অনেক প্রতিষ্ঠান চিকিৎসার পাশাপাশি প্রাণীর সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে। এতে এক ছাদের নিচে চিকিৎসা, পরিচর্যা, ব্যায়াম, প্রশিক্ষণ ও থাকার সুবিধা দিচ্ছে কিছু প্রতিষ্ঠান।
আবুধাবির মাসদার সিটিতে এর একটি উদাহরণ হলো গ্রুমি পেটস। তিনতলা একটি ভিলায় পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। সেখানে রয়েছে ভেটেরিনারি ক্লিনিক, বোর্ডিং, ডে কেয়ার, গ্রুমিং, ইনডোর খেলার জায়গা ও জিম। পোষা প্রাণীর মালিকদের জন্যও রয়েছে আলাদা করে ব্যায়ামের সুবিধা।
গ্রুমি পেটসের মহাব্যবস্থাপক লুইজ মেন্ডোজা বলেন, ‘একই জায়গায় পোষা প্রাণী ও মালিকদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেয়াই এ উদ্যোগের লক্ষ্য। এতে সময় বাঁচে। একই সঙ্গে মালিক ও প্রাণীর মধ্যে সম্পর্কও আরো ঘনিষ্ঠ হয়।’
ইউএইতে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখার প্রবণতা বাড়ছে। ফলে তাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিচ্ছেন মালিকরা। খাবার, ব্যায়াম, পুনর্বাসন, সামাজিক যোগাযোগ ও আচরণগত বিষয়গুলোও এখন যত্নের অংশ হয়ে উঠছে।
এ পরিবর্তন অনেকটা মানুষের স্বাস্থ্যসেবার মতো। শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নয়, অসুস্থতা ঠেকাতে আগেভাগে ব্যবস্থা নেয়ার প্রবণতা বাড়ছে। পোষা প্রাণীর ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা গেছে।
দ্য পেটশপের প্রধান নির্বাহী আমর হাজেম জানান, গ্রাহকদের চাহিদা থেকেই এ উদ্যোগ নেয়া। তার মতে, পোষা প্রাণীর পরিবারগুলো এখন শুধু আলাদা আলাদা সেবা চায় না। তারা প্রাণীর জীবনের বিভিন্ন পর্যায়ে পুষ্টি, গ্রুমিং, রোগ প্রতিরোধ, পরীক্ষা-নিরীক্ষা, আচরণগত পরামর্শ ও চিকিৎসা সবকিছুর সমন্বিত সেবা চায়।
আউরা ভেটেরিনারি সেন্টারে তাই পরিবেশকেও গুরুত্ব দেয়া হয়েছে। চিকিৎসার সময় পোষা প্রাণী ও মালিকের মানসিক চাপ কমানোর চেষ্টা করা হয় এখানে। লক্ষ্য হলো ভেটেরিনারি ক্লিনিকে যাওয়ার অভিজ্ঞতাকে তুলনামূলক স্বস্তিদায়ক করা।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও এখন শুধু রোগ শনাক্ত করার মধ্যে সীমাবদ্ধ নেই। এসব সময় খাবার, দাঁতের যত্ন, আচরণ, চলাফেরা ও ওজন নিয়েও আলোচনা করছেন ‘পেট প্যারেন্টরা’।
খবর ও ছবি দ্য ন্যাশনাল









